ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করার পর এবার নৌপথে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ যাতায়াত তদারকিতে ভোলার ইলিশা ঘাট পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি।
রবিবার (৩১ মে) দুপুরে তিনি ইলিশা ঘাটে ঝটিকা সফর করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এর পূর্বে তিনি চাঁদপুর নদী বন্দর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তাদের যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, “যেসব নৌঘাটে অধিক সংখ্যক মানুষ চলাচল করে, আমরা সেসব স্থান পরিদর্শন করছি। এটি আমাদের দায়িত্ব। ঈদে মানুষকে নিরাপদে তাদের প্রিয়জনের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করেছি। এখন তারা যেন নিরাপদে নিজ নিজ কর্মস্থলে ফিরে যেতে পারেন, সে লক্ষ্যেই আমাদের এই তদারকি কার্যক্রম।”
তিনি আরও বলেন, “মাঠ পর্যায়ে গেলে ছোটখাটো কিছু ত্রুটি-বিচ্যুতি আমাদের নজরে আসে। আমরা তাৎক্ষণিকভাবে সেগুলো সমাধানের চেষ্টা করি। জনগণকে আমরা নিরাপদ যাতায়াতের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি।”
প্রতিমন্ত্রী অবৈধ নৌযান চলাচল বন্ধ রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং যাত্রীচাপ ও প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত নৌযান বরাদ্দ নিশ্চিত করার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা,
ভোলা জেলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান, বাংলাদেশ পুলিশ, নৌপুলিশ, কোস্ট গার্ড, বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
ভিওডি বাংলা/আরআর/বিন্দু







