এক মামলায় দীপু মনির জামিন

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা সাতটি মামলার মধ্যে একটিতে জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। একইসঙ্গে বাকি ছয় মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার (৩ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাতটি মামলার মধ্যে একটিতে জামিন মঞ্জুর করা হলেও অন্য ছয় মামলার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ডা. দীপু মনি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতায় উসকানিসহ বিভিন্ন অভিযোগে প্রায় ৩৮টিরও বেশি মামলা রয়েছে বলে জানা গেছে।
ভিওডি বাংলা/আ







