ভালোবাসার পোস্ট মুছে দিলেন প্রভা

প্রেম, ভালোবাসা আর সম্পর্কের গুঞ্জন উসকে দিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ব্যক্তিগত মুহূর্তের একটি ছবি শেয়ার করার পরই আলোচনার কেন্দ্রে তিনি।
বর্তমানে নেপালে অবকাশ যাপন করছেন প্রভা। সেখানে বিভিন্ন সুন্দর লোকেশনে ঘুরে বেড়াচ্ছেন। সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে ফেসবুকে প্রকাশ করছেন। তবে অভিনেত্রীর এ অবকাশ যাপনকে ভিন্ন চোখে দেখছেন অনেকেই।
ভক্তদের একাংশের দাবি, বিদেশে নতুন প্রেমিকের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রভা। কিন্তু নতুন প্রেমের সম্পর্ক নিয়ে কোনো মন্তব্যই করেননি তিনি। তবে দিয়েছেন ইঙ্গিতপূর্ণ পোস্ট।
শুক্রবার (১২ জুন) রাতে হঠাৎই একটি নতুন ছবি আপলোড করেন প্রভা। ওই ছবিতে দেখা যাচ্ছে, সাদা জামায় কোনো রেস্তোরাঁয় বসে আছেন প্রভা। একটি হাত টেবিলে রেখে অন্য হাত বাড়িয়ে রেখেছেন ক্যামেরার দিকে। ক্যামেরার সামনে থাকা অভিনেত্রীর হাত ধরে রেখেছে আরেকটি হাত।
ঘড়ি পরিহিত ওই হাত কোনো পুরুষের বলেই মনে করছেন নেটিজেনরা। এমন পরিস্থিতিতে ছবির ক্যাপশনে গুঞ্জনের আগুনে ঘি ঢালেন প্রভা। লেখেন, ‘আই লাভ ইউ টু’।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ভাইরাল হয়ে যায় প্রভার পোস্টটি। ভক্তরা মন্তব্যের ঘরে জানাতে শুরু করেন প্রতিক্রিয়া। তবে এর কিছুক্ষণ পরই পোস্টটি ডিলেট করেন অভিনেত্রী।
মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন প্রভা। তবে মডেলিংয়ের পাশাপাশি নাটকে অভিনয় করে অল্প সময়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান তিনি। ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাইয়ের কারণে একসময় তার অভিনয়জীবনে কিছুটা বিরতি আসে। বর্তমানে তিনি অভিনয়ে খুব বেশি সক্রিয় নন।
ভিওডি বাংলা/আরআর/আ







