শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’

ঢালিউড সুপারস্টার শাকিব খান পেলেন বিশ্বখ্যাত সুইস ব্র্যান্ড রোলেক্সের একটি বিলাসবহুল ঘড়ি। আন্তর্জাতিক বাজারমূল্য অনুযায়ী যার দাম প্রায় ৭০ লাখ টাকার কাছাকাছি। চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জন’-এর একটি বিশেষ পর্বে চমক হিসেবে এই মূল্যবান উপহার তুলে দেওয়া হয় তার হাতে।
অনুষ্ঠানের ধারণকালে উপস্থাপক চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থিতিতে শাকিব খানের হাতে তুলে দেওয়া হয় রোলেক্সের জনপ্রিয় মডেল ‘GMT-Master II Root Beer’ (রেফারেন্স: 126715CHNR)। অনুষ্ঠানের বিশেষ অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম নিজ হাতে তার কবজিতে ঘড়িটি পরিয়ে দেন।
এমন বিশেষ উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে শাকিব খান বলেন, “এটি সাগর ভাইয়ের পক্ষেই সম্ভব। জীবনে অনেক উপহার পেয়েছি, তবে টাকার অঙ্কের দিক থেকে এটি অন্যতম বড় উপহার। আর ভালোবাসার দিক থেকে এটি আমার কাছে অমূল্য।”
তিনি আরও জানান, কিছুদিন আগে ঘনিষ্ঠ এক পরিচিতজনের সঙ্গে একটি রোলেক্স ঘড়ি কেনার ইচ্ছার কথা শেয়ার করেছিলেন। সেই তথ্য কোনোভাবে অনুষ্ঠান সংশ্লিষ্টদের কাছে পৌঁছানোর পরই পরিকল্পনা করা হয় এই বিশেষ চমকের।
জানা গেছে, রোলেক্সের এই বিশেষ মডেলটি তৈরি করা হয়েছে ১৮ ক্যারেট এভারোজ গোল্ড দিয়ে। ঘড়িটির বডি ও ব্রেসলেট উভয়ই রোলেক্সের নিজস্ব গোল্ড অ্যালয় দ্বারা নির্মিত, যা দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা ও টেকসই মানের জন্য বিশ্বজুড়ে পরিচিত।
‘রুট বিয়ার’ নামে পরিচিত এই মডেলের অন্যতম আকর্ষণ হলো এর কালো ও চকোলেট ব্রাউন রঙের দ্বি-রঙা সিরামিক বেজেল। পাশাপাশি এতে রয়েছে অত্যাধুনিক GMT প্রযুক্তি, যার মাধ্যমে একই সঙ্গে একাধিক টাইম জোনের সময় দেখা যায়।
মূলত আন্তর্জাতিক ভ্রমণকারী ও বিমানচালকদের কথা মাথায় রেখে ডিজাইন করা এই ঘড়ির অতিরিক্ত GMT কাঁটা এবং ঘূর্ণায়মান বেজেলের সাহায্যে বিশ্বের তিনটি ভিন্ন সময় অঞ্চল একসঙ্গে ট্র্যাক করা সম্ভব।
আন্তর্জাতিক বাজারে নতুন অবস্থায় ঘড়িটির অফিশিয়াল রিটেইল মূল্য প্রায় ৫৩ হাজার ১০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ লাখ টাকার সমপরিমাণ।
শাকিব খান জানিয়েছেন, এই বিশেষ উপহার তিনি তার ব্যক্তিগত সংগ্রহে যত্নের সঙ্গে সংরক্ষণ করে রাখবেন।
উল্লেখ্য, এর আগে একই অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে সোনার কলস উপহার দিয়ে আলোচনায় এসেছিল চ্যানেল আই। সেই ধারাবাহিকতায় এবার শাকিব খানকে উপহার দেওয়া বিলাসবহুল রোলেক্স ঘড়িও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অনুষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘চাঁদ তারার গুঞ্জন’-এর এই বিশেষ পর্বটি শিগগিরই সম্প্রচার করা হবে।
ভিওডি বাংলা/শাহাদাত হাওলাদার/জা







