খুলনায় বিদেশি পিস্তলসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

খুলনায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ ‘বি-কোম্পানি’র সদস্য বিল্লাল সিপাই ওরফে বিল্লু (২৬) এবং তার সহযোগী রবিউল ইসলাম রনি ওরফে হৃদয়কে (২১) গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকার মুন্সিপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-৬-এর স্পেশাল কোম্পানি।
র্যাব জানায়, স্থানীয় সরদার ইউসুফ আলীর সেমিপাকা বাড়ির একটি ভাড়া বাসার শয়নকক্ষ থেকে বিল্লুকে আটক করা হয়। পরে ওই কক্ষে তল্লাশি চালিয়ে কার্নিশের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় এসব আলামত জব্দ করা হয়েছে।
র্যাবের দেয়া তথ্য অনুযায়ী, বিল্লু খুলনার কুখ্যাত ‘বি-কোম্পানি’ সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আড়ংঘাটা ও হরিণটানা থানায় অস্ত্র আইন ও হত্যাচেষ্টা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
ভিওডি বাংলা/বিন্দু







