• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি    ১৬ জুন ২০২৬, ০৯:২৭ এ.এম.
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে কথিত পুশইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে টহল বৃদ্ধি, মাইকিং, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজিবি সূত্র জানিয়েছে, গত সাত দিনে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষ থেকে মহেশপুর সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পাঁচবার পুশইনের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সহযোগিতা ও বিজিবির দ্রুত পদক্ষেপের কারণে প্রতিটি প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে।

মহেশপুর উপজেলার অধীন ৫৮ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ১২টি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) রয়েছে। এর মধ্যে যাদবপুর, সামন্তা, মাটিলা, বাঘাডাঙ্গাসহ কয়েকটি বিওপি বর্তমানে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। এসব এলাকায় অতিরিক্ত টহল ও বিশেষ নজরদারি চালানো হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মহেশপুরের সঙ্গে ভারতের প্রায় ৭৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। 

এর অধিকাংশ অংশে কাঁটাতারের বেড়া থাকলেও যাদবপুর ও মাটিলা বিওপি সংলগ্ন প্রায় ১০ কিলোমিটার এলাকায় এখনো কোনো স্থায়ী বেড়া নির্মিত হয়নি। ফলে এই অংশটিকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির টহল কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যাদবপুর ইউনিয়নের গোপালপুর, লেবুতলা, পাকরাইল, মাটিলা এবং কাজিরবেড় ইউনিয়নের সামন্তা সীমান্ত এলাকায় দিন-রাত সদস্যদের টহল দিতে দেখা যাচ্ছে।

সীমান্তের শূন্যরেখা ঘেঁষে বিজিবির পাশাপাশি স্থানীয় লোকজনও সতর্ক অবস্থান বজায় রেখেছেন। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে সীমান্তের কাঁটাতারসংলগ্ন আলোকব্যবস্থা বন্ধ করে অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়। তবে এমন পরিস্থিতি দেখা দিলেই এলাকাবাসী দ্রুত বিজিবিকে খবর দেন। 

একই সঙ্গে টর্চলাইট, মাইকিং ও উচ্চস্বরে সতর্ক সংকেত দিয়ে সম্ভাব্য অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করে দেন তারা।সীমান্তবর্তী গোপালপুর গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, সীমান্তের ওপারে সন্দেহজনকভাবে লোকজন জড়ো করার ঘটনা একাধিকবার দেখা গেছে।

পরে গভীর রাতে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলেও বিজিবি ও স্থানীয়দের যৌথ সতর্কতায় তা সম্ভব হয়নি।যাদবপুর এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, সীমান্তে কোনো অস্বাভাবিক তৎপরতা চোখে পড়লেই তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানানো হয়। অনেকেই রাতে স্বেচ্ছায় পাহারায় অংশ নিচ্ছেন। তবে সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে কিছুটা উদ্বেগও কাজ করছে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, সীমান্তে পুশইনের যেসব চেষ্টা হয়েছে, সেগুলো প্রতিহত করা সম্ভব হয়েছে। বিজিবি সদস্যরা সার্বক্ষণিক সতর্ক রয়েছেন এবং কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রেখেছেন।তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ, আনসার সদস্য এবং গ্রাম পুলিশ বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।  

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা
ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা