ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পরেও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ জেলায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
শুক্রবার (১৯ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতের পর শুরু হওয়া এই হামলা সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ ইসরায়েলি অভিযান। হামলায় একাধিক আবাসিক বাড়ি লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
নাবাতিয়েহ শহরের পাশাপাশি কফার জৌজ, কফার রেমান ও জেবদিনসহ আশপাশের বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ চালানো হয়। পরে কফার তিবনিত ও রাইহান পাহাড়ি এলাকাতেও ধারাবাহিক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
হামলায় নাবাতিয়েহ ও হারুফ এলাকায় অন্তত আটজন নিহত হন। এছাড়া আল-শারকিয়া ও দৌইরের মধ্যবর্তী একটি বাড়িতে হামলায় চারজনের মৃত্যু হয়েছে। কফার সির শহরে পৃথক আরেকটি হামলায় নিহত হয়েছেন আরও তিনজন।
এদিকে দৌইর পৌরসভা ভবনের কাছে একটি মোটরসাইকেল লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় লেবাননে যুদ্ধবিরতির বিষয়টি আলোচনায় থাকলেও এর মধ্যেই ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে।
ভিওডি বাংলা/আ







