বেকিং ছাড়াই ঘরেই তৈরি করুন ইতালিয়ান ডেজার্ট ‘তিরামিসু’

মিষ্টি খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। বিশেষ করে পরিবার বা বন্ধুদের আড্ডায় খাবারের শেষে ডেজার্ট না থাকলে আয়োজন যেন অসম্পূর্ণ থেকে যায়। প্রতিদিনের চেনা মিষ্টির বাইরে নতুন কিছু খেতে চাইলে তৈরি করতে পারেন ইতালির জনপ্রিয় ডেজার্ট ‘তিরামিসু’। সবচেয়ে ভালো বিষয় হলো, এটি বানাতে ওভেন বা বেকিংয়ের কোনো প্রয়োজন হয় না।
কফির হালকা তিতকুটে স্বাদ, ক্রিমের নরম টেক্সচার আর বিস্কুটের স্তর-সব মিলিয়ে তিরামিসু এখন বিশ্বজুড়ে জনপ্রিয় একটি ডেজার্ট। ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই সহজে তৈরি করা যায় এই রেস্টুরেন্ট-স্টাইল খাবারটি।
যেসব উপকরণ লাগবে
তিরামিসু তৈরির জন্য প্রয়োজন হবে ৪টি ডিম। ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে রাখতে হবে। এছাড়া লাগবে ১ কাপ চিনি, আধা কাপ তরল দুধ, ১ কাপ হুইপিং ক্রিম এবং ১ প্যাকেট ক্রিম চিজ।
স্বাদ বাড়াতে ব্যবহার করতে হবে সামান্য কফি ও কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। পাশাপাশি ৮ থেকে ১০টি লেডি ফিঙ্গার বিস্কুট এবং সাজানোর জন্য কোকো পাউডার রাখতে হবে।
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি পাত্রে পানি গরম করুন। এরপর তার ওপরে আরেকটি বাটিতে ডিমের কুসুম, চিনি ও দুধ একসঙ্গে মিশিয়ে নিন। সরাসরি আগুনে না বসিয়ে গরম পানির ভাপে মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত নাড়তে হবে। এতে ডিম জমাট বাঁধবে না এবং মিশ্রণ হবে মসৃণ।
মিশ্রণ তৈরি হয়ে গেলে সেটি নামিয়ে ঠাণ্ডা করে নিন। অন্যদিকে, হুইপিং ক্রিম ব্যবহারের আগে বাটি কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিলে ক্রিম দ্রুত ফোমি হয়। এরপর ক্রিম ভালোভাবে বিট করে নিন।
এবার কুসুমের ঠাণ্ডা মিশ্রণের সঙ্গে ক্রিম চিজ ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন। তারপর ধীরে ধীরে বিট করা হুইপিং ক্রিম এতে মেশাতে হবে। এই ধাপে খুব আলতোভাবে চামচ বা স্প্যাচুলা ব্যবহার করা ভালো। বেশি জোরে নাড়লে ক্রিমের নরম ভাব নষ্ট হয়ে যেতে পারে।
লেয়ার তৈরি ও পরিবেশন
এক কাপ গরম পানিতে কফি গুলে ঠাণ্ডা করে নিন। এরপর লেডি ফিঙ্গার বিস্কুটগুলো কয়েক সেকেন্ড কফিতে ডুবিয়ে একটি পাত্রে সাজিয়ে নিন। বিস্কুটের ওপর ক্রিমের মিশ্রণ ছড়িয়ে দিন। একইভাবে আরও একটি বিস্কুট ও ক্রিমের স্তর তৈরি করুন।
সবশেষে পাত্রটি ঢেকে অন্তত ৮ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। পরিবেশনের আগে ওপরে হালকা করে কোকো পাউডার ছিটিয়ে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ইতালিয়ান তিরামিসু।
ভিওডি বাংলা/জা







