জানুন কোন শাক কেন খাবেন?

বাঙালির খাদ্যসংস্কৃতিতে শাকের উপস্থিতি বহু পুরোনো। গ্রামের রান্নাঘর থেকে শহরের ডাইনিং টেবিল-সব জায়গাতেই বিভিন্ন ধরনের শাকের কদর রয়েছে। শুধু স্বাদ বাড়ানোর জন্য নয়, বরং শরীরের প্রয়োজনীয় পুষ্টি জোগাতেও শাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, নিয়মিত খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের শাক রাখলে শরীর পায় ভিটামিন, খনিজ ও আঁশের গুরুত্বপূর্ণ উৎস।
দেশে সহজলভ্য প্রায় সব ধরনের শাকেই রয়েছে স্বাস্থ্য উপকারিতা। কোনো শাক রক্তস্বল্পতা দূর করতে সহায়তা করে, কোনোটি আবার হজমশক্তি বাড়ায় কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে ভূমিকা রাখে।
পুঁইশাক: হজমশক্তি বাড়াতে সহায়ক
পুঁইশাকে প্রচুর পরিমাণে পানি ও খাদ্যআঁশ রয়েছে। ফলে এটি কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করে এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে। এতে ভিটামিন এ, ভিটামিন সি ও ফলিক অ্যাসিডও পাওয়া যায়। মাছ, ডাল কিংবা সবজির সঙ্গে রান্না করলে পুষ্টিগুণ আরও বাড়ে।
লালশাক: রক্তস্বল্পতা কমাতে কার্যকর
লালশাকে রয়েছে প্রচুর আয়রন ও ফলেট, যা রক্তস্বল্পতা দূর করতে সহায়ক। পাশাপাশি এতে ক্যালশিয়াম ও ভিটামিন সি থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখে। শিশু ও নারীদের জন্য লালশাক বিশেষ উপকারী বলে মনে করেন বিশেষজ্ঞরা।

পালং শাক: শক্তি ও পুষ্টির উৎস
পালং শাককে পুষ্টিগুণে সমৃদ্ধ একটি সবজি হিসেবে ধরা হয়। এতে রয়েছে আয়রন, ভিটামিন এ, ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট। নিয়মিত পালং শাক খেলে শরীরের দুর্বলতা কমতে পারে এবং রক্তস্বল্পতার ঝুঁকিও হ্রাস পেতে পারে।
কচুশাক: চোখ ও হাড়ের যত্নে
কচুশাকে প্রচুর ক্যালশিয়াম, আয়রন ও ভিটামিন এ রয়েছে। এটি দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। পাশাপাশি শরীরের হাড় মজবুত করতেও ভূমিকা রাখে। অনেকে নারকেল, চিংড়ি কিংবা মাছের মাথা দিয়ে কচুশাক রান্না করে খেতে পছন্দ করেন।
কলমি শাক: সুগার নিয়ন্ত্রণে উপকারী
কলমি শাকে থাকা পটাশিয়াম ও আঁশ শরীরের জন্য বেশ উপকারী। এটি হজমে সহায়তা করার পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এছাড়া হৃদযন্ত্র সুস্থ রাখতেও এই শাক ভূমিকা রাখে বলে ধারণা করা হয়।
মেথি শাক: ডায়াবেটিস রোগীদের পছন্দ
মেথি শাক দীর্ঘদিন ধরেই ভেষজ গুণের জন্য পরিচিত। এতে থাকা আঁশ ও খনিজ উপাদান রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তাই ডায়াবেটিসে আক্রান্ত অনেকেই নিয়মিত মেথি শাক খেয়ে থাকেন। তবে অতিরিক্ত তেল ব্যবহার না করে রান্না করাই ভালো।
সরিষা শাক: রোগ প্রতিরোধে সহায়ক
সরিষা শাকে রয়েছে ভিটামিন এ, সি ও বিভিন্ন অ্যান্টি-অক্সিডেন্ট। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শীতকালে সরিষা শাকের জনপ্রিয়তা বেশি দেখা যায়। অনেকেই ভর্তা, ভাজি কিংবা ডালের সঙ্গে এটি খেতে পছন্দ করেন।
পাটশাক: হজমে কার্যকর
পাটশাকের পিচ্ছিল ভাব অনেকের অপছন্দ হলেও এর পুষ্টিগুণ বেশ সমৃদ্ধ। এতে থাকা খাদ্যআঁশ হজমশক্তি বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করে। এছাড়া এতে আয়রন ও ভিটামিন সিও রয়েছে।
মুলা শাক: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
মুলা শাকে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট। এটি শরীরকে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করতে পারে। একই সঙ্গে হজমশক্তি উন্নত করতেও ভূমিকা রাখে।
কুমড়ো শাক: ত্বক ও চোখের জন্য ভালো
কুমড়ো শাকে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। এছাড়া ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতেও এটি সহায়তা করতে পারে। এতে ক্যালশিয়াম ও ফসফরাসও রয়েছে, যা হাড়ের জন্য উপকারী।
লাউ শাক: হাড়ের শক্তি বাড়াতে সহায়ক
লাউ শাকে ক্যালশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকায় এটি হাড় ও দাঁতের জন্য উপকারী বলে মনে করা হয়। নিয়মিত খাদ্যতালিকায় লাউ শাক রাখলে শরীর প্রয়োজনীয় খনিজ উপাদান পেতে পারে।
ঢেঁকি শাক: হৃদযন্ত্রের জন্য উপকারী
ঢেঁকি শাকে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। পাশাপাশি এতে থাকা ভিটামিন এ ও সি চোখ ও ত্বকের যত্নেও কার্যকর ভূমিকা রাখে।
হেলেঞ্চা শাক: শরীর পরিষ্কারে সহায়ক
হেলেঞ্চা শাক ভেষজ গুণসম্পন্ন একটি পরিচিত শাক। অনেকের মতে, এটি শরীরের বিষাক্ত উপাদান দূর করতে এবং যকৃত সুস্থ রাখতে সাহায্য করে। গ্রামাঞ্চলে এই শাক ভাজি বা বড়া করে খাওয়ার প্রচলন রয়েছে।
পুষ্টিবিদদের মতে, শুধু একটি শাকের ওপর নির্ভর না করে বিভিন্ন ধরনের শাক নিয়মিত খাদ্যতালিকায় রাখা উচিত। কারণ প্রতিটি শাকের পুষ্টিগুণ আলাদা।
ভিওডি বাংলা/জা







