কবি নজরুল ছিলেন মানবতা ও অসাম্প্রদায়িকতার প্রতীক: ডিএসসিসি প্রশাসক

মানবতা, অসাম্প্রদায়িকতা ও সংগ্রামের প্রতীক ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
শুক্রবার (১৯ জুন) রাজধানীর রায়ের বাজারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কাজী নজরুল ইসলাম কোনো জাতি, ধর্ম বা বয়সের মধ্যে সীমাবদ্ধ নন। তিনি সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন এবং তাঁর গান, কবিতা ও লেখার মাধ্যমে আজও মানুষের হৃদয়ে বেঁচে আছেন।
আবদুস সালাম বলেন, যতদিন বাংলাদেশ ও পৃথিবী থাকবে, ততদিন নজরুল ইসলাম মানুষের অন্তরে বেঁচে থাকবেন।
আন্দোলন, সংগ্রাম, সহনশীলতা, ধর্মীয় কূপমণ্ডূকতার বিরুদ্ধে লড়াই এবং সকল ধর্মের সহাবস্থানের বার্তা—সব ক্ষেত্রেই নজরুলের উপস্থিতি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে কাজী নজরুল ইসলামের চিন্তার “অপূর্ব মিল” রয়েছে। উভয়েই বিপ্লবে বিশ্বাসী ছিলেন, সৈনিক ছিলেন এবং সাধারণ মানুষের কাছাকাছি ছিলেন।
তিনি আরও বলেন, নজরুল যেমন স্বল্প সময়ে অমর সাহিত্য সৃষ্টি করেছেন, তেমনি জিয়াউর রহমানও স্বল্প সময়ে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
আবদুস সালাম বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয় পরিচয় হিসেবে “বাঙালি” ধারণার পাশাপাশি “বাংলাদেশি” পরিচয় প্রতিষ্ঠা করেছেন। তার মতে, বাংলাদেশে বাঙালি, অবাঙালি, পাহাড়ি, সমতল, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই মিলেই এক পরিচয়ে যুক্ত, সেটি হলো বাংলাদেশি।
তিনি বলেন, বিএনপির বর্তমান নেতৃত্ব তারেক রহমান হিংসার রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণ রাজনৈতিক পথ বেছে নিয়েছেন। তার দাবি, ৫ আগস্টের পর দলীয় কর্মীদের সহিংসতা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, বিএনপি আন্দোলনের মধ্য দিয়েই গড়ে ওঠা দল এবং জনগণের সমর্থনে শক্তিশালী অবস্থানে রয়েছে।
তিনি অভিযোগ করেন, অতীতে বিভিন্ন নির্বাচনে কারচুপি হয়েছে এবং ভোটার তালিকায় অনিয়ম করা হয়েছে। তিনি ঢাকা শহরের জন্য নতুন ভোটার তালিকার দাবি জানান।
সুষ্ঠু ভোটার তালিকা ছাড়া নির্বাচন সঠিকভাবে সম্ভব নয় বলেও জানান তিনি।
তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও ছিনতাই বন্ধ করা গেলে দেশের অর্থনৈতিক সমস্যা থাকবে না। তিনি বিএনপির উন্নয়ন কার্যক্রম ও অতীত সরকারের ভূমিকা তুলে ধরেন।
আবদুস সালাম বলেন, বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে এবং অতীতের বিভিন্ন নির্বাচনে জনগণ দলটিকে ভোট দিয়েছে। ভবিষ্যতেও জনগণ বিএনপিকে সমর্থন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শেষে তিনি কাউন্সিলর প্রার্থীদের উদ্দেশে বলেন, এলাকাভিত্তিক সমস্যা যেমন, লাইট, পানি, ড্রেনেজ ও নিষ্কাশন ব্যবস্থা—সমাধানে কাজ করতে হবে। জনগণের কাছাকাছি থেকে সেবা নিশ্চিত করতে পারলেই নির্বাচনে সফলতা আসবে বলে মন্তব্য করেন তিনি।
ভিওডি বাংলা/খতিব/এমএস







