‘প্রধানমন্ত্রী নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, নারীসমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে আত্মমর্যাদাশীল ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস কাজ করছেন।
শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল নগরীর চৌমাথা এলাকায় হাতেম আলী কলেজের সম্মুখে উদ্যোমী নারী ফাউন্ডেশনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। নারীরা আজ শুধু পরিবার পরিচালনাতেই নয়, বরং উদ্যোক্তা, কর্মসংস্থান সৃষ্টিকারী এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছেন। এ ধারা আরও শক্তিশালী করতে দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানো প্রয়োজন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক। নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ফ্যামিলি কার্ড এই কর্মসূচির অংশ। একজন নারী স্বাবলম্বী হলে শুধু একটি পরিবার নয়, পুরো সমাজই উপকৃত হয়। তাই নারীদের এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উদ্যোমী নারী ফাউন্ডেশনের এ উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, সেলাই মেশিন বিতরণের মতো কার্যক্রম নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পথকে আরও সহজ করবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে তারা নিজস্ব উদ্যোগ গড়ে তুলতে পারবেন এবং পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ সময় নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আত্মবিশ্বাস, পরিশ্রম ও সততার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। দক্ষতা অর্জনের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার শিখে নিজেদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণেও গুরুত্ব দিতে হবে।
উদ্যোমী নারী ফাউন্ডেশনের সভাপতি আসমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাদিরা পারভীন দীনা, উদ্যোক্তা রুমা পারভীন, সাবরিনা, অধরা মিস্টি, রাইসা, মিরা দাস, বেবী ঘোষ, উম্মে হানি, তহমিনাসহ অন্যান্য নারী উদ্যোক্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রশিক্ষণার্থীরা। অনুষ্ঠান শেষে নির্বাচিত নারী উদ্যোক্তাদের হাতে প্রশিক্ষণের জন্য সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
ভিওডি বাংলা/এফএ







