ফের উত্তাল পাকিস্তানের কাশ্মীর, পুলিশসহ নিহত ২৪

ফের বিক্ষোভে উত্তাল পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর (পিওকে)। কয়েকদিন ধরে সেখানে অচলাবস্থা তৈরি হয়েছে। রাস্তা বন্ধ, দোকান বন্ধ, ইন্টারনেট বন্ধ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানশাসিত কাশ্মীরে টানা বিক্ষোভ ও সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সাধারণ মানুষ যেমন আছে, তেমনি আছেন পুলিশ সদস্যও। সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটিতে এমন প্রাণঘাতী অস্থিরতা আর দেখা যায়নি।
ঘটনার সূত্রপাত আইনসভা নির্বাচন ঘিরে।
আগামী ২৭ জুলাই ৪৫ আসনের আঞ্চলিক আইনসভা নির্বাচন হওয়ার কথা। এর আগে ভারতশাসিত কাশ্মীর থেকে বাস্তুচ্যুত হয়ে পাকিস্তানে থাকা শরণার্থীদের জন্য ১২টি আসন সংরক্ষণের বিরোধিতা করে আন্দোলনে নামে জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি বা জেএএসি। সংগঠনটি ৯ জুন ধর্মঘটের ডাক দেয়। এর পরই পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হতে থাকে।
সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ৬ থেকে ১৪ জুনের মধ্যে অন্তত ২০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। আঞ্চলিক পুলিশপ্রধান লিয়াকত আলী মালিক জানিয়েছেন, সংঘাতে চার পুলিশ সদস্য নিহত এবং ৯৭ জন আহত হয়েছে। আটক করা হয়েছে ৫১৫ জনকে।
রাজধানী মুজাফফরাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে রাওয়ালাকোটের উপকণ্ঠে এখনো হাজারো জেএএসি সমর্থক অবস্থান করছেন। কর্তৃপক্ষ প্রধান সড়কগুলো বন্ধ করে দিয়েছে।
ইন্টারনেট সেবা বন্ধ। অনেক এলাকায় গণমাধ্যমের প্রবেশও সীমিত। ফলে কাশ্মীর যেন নিজের ভেতরেই আটকে পড়েছে—বাইরের সঙ্গে কথা বলার মুখ নেই, আর ভেতরে মানুষের ক্ষোভ থামার নাম নেই।
অচলাবস্থার সবচেয়ে বেশি বোঝা পড়েছে সাধারণ মানুষের ঘাড়ে। বড় রাজনীতিকরা বড় বড় কথা বলেন, কিন্তু দিনমজুরের সংসার চলে ছোট ছোট মজুরিতে। মুজাফফরাবাদের আপার আড্ডা বাণিজ্যিক এলাকায় শ্রমিকরা কাজের আশায় বসে থাকছেন। কাজ নেই, আয় নেই। কিছু ওষুধের দোকান ও নিত্যপণ্যের দোকান সীমিত সময়ের জন্য খুললেও বেশিরভাগ দোকানপাট বন্ধ। ব্যাংকিং সেবা ব্যাহত হচ্ছে। এটিএম অচল। পেট্রল পাম্পও বন্ধ রাখা হয়েছে সরকারি নির্দেশে।
স্থানীয় ট্যাক্সিচালক আসিফ নাজে বলেছেন, যাদের ঘরে সঞ্চয় আছে তারা হয়তো কিছুদিন টিকে থাকতে পারবেন। কিন্তু যারা দিন আনে দিন খায়, তাদের জন্য এই অচলাবস্থা মানে ঘরে চুলা না জ্বলা।
কাশ্মীর নিয়ে পাকিস্তান বহুদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের সমালোচনা করে এসেছে। কিন্তু এবার নিজ শাসিত কাশ্মীরেই বিক্ষোভ, মৃত্যু, ধরপাকড় ও যোগাযোগ বিচ্ছিন্নতার অভিযোগে চাপে পড়েছে ইসলামাবাদ।
ভিওডি বাংলা/এফএ







