• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক

কুমিল্লা প্রতিনিধি    ২৪ জুন ২০২৬, ০২:১৮ এ.এম.
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বক্তব্যকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়েরের ঘটনাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। মামলার বাদীর রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা।

গত ২০ জুন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক ব্যক্তি কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ এনে মামলাটি করেন। তিনি নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল দাবি করেছে, খোকন তালুকদার তাদের কোনো পর্যায়ের সদস্য নন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুন বিভিন্ন ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে কটূক্তি, বিদ্রুপ ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়। অভিযোগ অনুযায়ী, একটি ইউটিউব ভিডিওতে তার দাড়ি, টুপি ও পোশাক নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করা হয়। এছাড়া একটি ফেসবুক আইডি থেকে তার ছবি ব্যবহার করে তাকে ‘গুপ্ত আওয়ামী লীগ নেতা’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে পোস্ট দেওয়া হয়।

এজাহারে বলা হয়েছে, মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে সংসদ সদস্যের রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।

মামলাকে ঘিরে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা নানা প্রশ্ন তুলেছেন। কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, "জালাল আহমেদ খোকন তালুকদার যুবদলের দায়িত্বশীল কোনো নেতা নন। তিনি পূর্বে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত একজন ব্যক্তি কীভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা করেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। মুফতি ফয়জুল করীম একজন শ্রদ্ধেয় নেতা এবং বিগত সরকারের সময়ে নির্যাতনের শিকার ছিলেন।"

একই ধরনের বক্তব্য দিয়ে কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান বলেন, "জালাল আহমেদ খোকন তালুকদার যুবদলের কেউ নন। তিনি আগে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।"

অন্যদিকে কুমিল্লা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি এম.এম. বিলাল হোসাইন বলেন, "মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আমরা মনে করি। বিষয়টি আমরা আইনগতভাবে মোকাবিলা করব।"

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে জালাল আহমেদ খোকন তালুকদার বলেন, "আমার নেতা মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে বলেই আমি মামলা করেছি। আমি যে যুবদল কমিটিতে আছি, সেটি এমপি মনিরুল হক চৌধুরীর ঘোষিত কমিটি, এটি কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কমিটি নয়।"

মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বলেন, "ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে মামলাটি গ্রহণ করা হয়েছে।"

কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, "যে কেউ আইনের আশ্রয় নিয়ে মামলা করতে পারেন। এটি পদ-পদবির বিষয় নয়। অভিযোগ যাচাই-বাছাই করেই মামলাটি গ্রহণ করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন কর্মীরা
আ. লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন কর্মীরা
ডিসি সারওয়ার দিলেন পাঁচ লাখ টাকা
ডিসি সারওয়ার দিলেন পাঁচ লাখ টাকা
ফেনীতে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ২
ফেনীতে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ২