• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার হয়নি কেন, প্রশ্ন ফারুকের

   ২৪ নভেম্বর ২০২৪, ০৩:১৯ পি.এম.

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এখন কথা বলার সময় নয় মন্তব্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, তিন মাস অতিবাহিত হলো। এখনো কেন আমাদের নেতা তারেক রহমান দেশে আসতে পারেনি? এখনো কেন তার নামে মিথ্যা মামলা প্রত্যাহার করা হলো না? জনগণের মনে এ প্রশ্ন জেগে উঠেছে। তাই সরকারের কাছে প্রত্যাশা তারেক রহমানসহ যাদের নামে মিথ্যা মামলা হয়েছে, সব মামলা প্রত্যাহার করুন।

রোববার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে নবীন দল আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

জয়নুল আবদীন ফারুক বলেন, সরকারের কাছে সবাই দাবি জানায়। তবে এমন কোনো দাবি করা উচিত নয় যাতে জনগণের মনে অশান্তির সৃষ্টি হয়। জনগণের জন্য যেসব দাবি, সেসব দাবিগুলো নিয়ে কথা বলার অধিকার ৫ আগস্টের পরে এ সরকার দিয়েছে। দুই হাজারের ওপরে ছাত্র-জনতা রক্ত দিয়ে আমাদের কথা বলার অধিকার দিয়েছে। তাই এ সরকারের বিরুদ্ধে এখনই কথা বলার সময় নয়।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করতে হবে।

যে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে। তারা তাদের ভোট দিতে পারবে। তাদের পছন্দমতো প্রার্থীকে বিজয়ী করতে পারবে। তাই আর দেরি নয়। দেরি করলেই ষড়যন্ত্র শুরু হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন। আপনারা (অন্তর্বর্তী সরকার) সংস্কার করুন। তবে এমন সংস্কার করবেন না যাতে নির্বাচন দেরি হয়ে যায়।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিরোধী দলের সাবেক এ চিপ হুইপ বলেন, আমরা তো আপনাদের বিরোধী না। আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। সরকারের কাছে আমাদেরও দাবি রয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের ওপর যে জুলুম-নির্যাতন করেছে। হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি, কবরস্থানে ঘুমিয়েছি। সেখান থেকেও পুলিশ আমাদের গ্রেপ্তার করেছে, জুলুম-নির্যাতন করেছে। তাই এ সরকারের দোসররা যারা এখনো বাংলাদেশে আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

নবীন দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু, নবীন দলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল