• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১৩ তারিখ থেকে চাঁদাবাজির দিন শেষ: শফিকুর রহমান

চট্টগ্রাম প্রতিনিধি    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ পি.এম.
চট্টগ্রামের লোহাগাড়ায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যে যুবকদের নেতৃত্বে বিপ্লব সফল হয়েছে, তারাই আগামীর বাংলাদেশ গড়ে দেবে। তিনি বলেন, ‘আমরা চাই দালালমুক্ত, চাঁদাবাজমুক্ত, দুর্নীতিবাজ ও মামলাবাজমুক্ত বাংলাদেশ। আমরা একটি মানবিক বাংলাদেশ চাই।’

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন জায়গায় একই চিত্র দেখা যাচ্ছে—ডাকসু থেকে জকসু পর্যন্ত দালালদের উপস্থিতি। জনগণ ইতোমধ্যে তাদের রায় দিয়ে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘১২ তারিখ ইনশাআল্লাহ সব স্পষ্ট হবে। এটা দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে।’

তিনি বলেন, যারা বুক চিতিয়ে লড়াই করেছে, গুলির ভয় না করে জীবন দিয়েছে কিংবা পঙ্গুত্ব বরণ করেছে—এই যুবকরাই বাংলাদেশের পথ দেখিয়েছে এবং তারাই আগামীর নেতৃত্ব দেবে। 

জুলাই বিপ্লবে নারীদের অবদানের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ জুলাই ছাত্রীদের ওপর হামলার পরই আন্দোলনের আগুন সারা দেশে ছড়িয়ে পড়ে। চট্টগ্রামে ছয়জন জুলাই যোদ্ধার শাহাদাতের কথা স্মরণ করে তিনি বিশেষভাবে আবু সাইদের আত্মত্যাগের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘বীরেরা কখনো পিঠ দেখায় না। তারা হয় বিজয়ী হয়, না হয় শাহাদাত বরণ করে।’

চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ১৩ তারিখের পর থেকে চাঁদাবাজির দিন শেষ হবে। যারা পরিশুদ্ধ হয়ে ফিরে আসবে, তাদের সম্মানজনক কাজে যুক্ত করা হবে। না এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, গত সাড়ে ১৫ বছর জনগণ মজলুম ছিল। কিন্তু ৫ আগস্টের পর কেউ কেউ জালিমে পরিণত হয়েছে। ৫৪ বছরের নেতৃত্ব জনগণের সম্পদ লুট করেছে, অথচ জনগণ তাদের ন্যায্য অধিকার পায়নি।

ইনসাফভিত্তিক সরকার গঠনের অঙ্গীকার করে তিনি বলেন, ‘লুটেরাদের কাছ থেকে লুটের অর্থ উদ্ধার করে রাষ্ট্রীয় তহবিলে জমা দেওয়া হবে এবং তা দেশের উন্নয়নে ব্যয় করা হবে।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে কৃষকদের উৎসাহিত করায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
নবাবগঞ্জে কৃষকদের উৎসাহিত করায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় কিশোরীদের মাঝে সেলাই মেশিন ও মুরগির বাচ্চা বিতরণ
ভাঙ্গুড়ায় কিশোরীদের মাঝে সেলাই মেশিন ও মুরগির বাচ্চা বিতরণ
মাদারীপুরে টিসিবির গুদামে আগুন, ক্ষয়ক্ষতি ১০ লাখ টাকা
মাদারীপুরে টিসিবির গুদামে আগুন, ক্ষয়ক্ষতি ১০ লাখ টাকা