কেন্দুয়ায় জমির বিরোধের জেরে নিহত ১, আহত ৩০

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ৩০ জন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নারী হলেন, সোমা আক্তার (৩০)।
তিনি আমতলা গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
এদিকে আহত ৯ জন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে ৭ জনের অবস্থার অবনতি হলে তাদেরকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। বাকিরা বিভিন্ন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে গ্রামটির নূর ইসলাম ও প্রতিবেশি শাহীন মিয়া এবং বাবুল মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকালে শাহীন ও বাবুল তার লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে এস্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটতে যায়। তখন নূর ইসলামের লোকজন বাঁধা দেয়। এ সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের বেশ কিছু লোক আহত হন। আহতদের মধ্যে নূর ইসলাম পক্ষের গুরুতর আহত নারী সোমা আক্তার মারা যান।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্তের পাশাপাশি হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
ভিওডি বাংলা/মো. হুমায়ুন কবির/জা







