রাজশাহী গোদাগাড়ীর ঘাটে তেল সংকট, বিপাকে হাজারো মানুষ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মা ও মহানন্দা নদীতে শ্যালো ইঞ্জিনচালিত নৌকার জ্বালানি তেল (ডিজেল) সংকট তীব্র আকার ধারণ করেছে। গত কয়েকদিন ধরে চলমান এ সংকটে কার্যত স্থবির হয়ে পড়েছে চরাঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা। তেলের অভাবে অধিকাংশ নৌকা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুই জেলার পাঁচটি ইউনিয়নের হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
ভুক্তভোগী এলাকাগুলোর মধ্যে রয়েছে গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলী, দেবীনগর, ইসলামপুর ও শাহজাহানপুর ইউনিয়ন। এসব এলাকার মানুষ প্রতিদিন শিক্ষা, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য রেলবাজার, হাটপাড়া, সুলতানগঞ্জ ও ফুলতলা ঘাট দিয়ে যাতায়াত করেন। কিন্তু বর্তমানে এসব রুটে নৌকা চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় জ্বালানি তেল সরবরাহে কড়াকড়ি বা রেশনিংয়ের কারণে মাঝিরা প্রয়োজনীয় ডিজেল সংগ্রহ করতে পারছেন না। স্বাভাবিক সময়ে প্রতিদিন কয়েকশ নৌকা চলাচল করলেও বর্তমানে হাতে গোনা কয়েকটি নৌকা চলাচল করছে। একবার যাতায়াতে ৩ থেকে ৪ লিটার ডিজেল প্রয়োজন হলেও তা সংগ্রহ করতে হিমশিম খেতে হচ্ছে মাঝিদের।
চর আষাড়িয়াদহ ইউনিয়নের কলেজছাত্রী সুমাইয়া আক্তার বলেন, “নৌকা না চলায় সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছি না। যে দু-একটি নৌকা চলছে, তাতে তিল ধারণের জায়গা নেই। এতে আমাদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে।”
একই চিত্র দেখা গেছে চর আলাতুলী ঘাটে। অসুস্থ স্বজনকে নিয়ে শহরে যাওয়ার জন্য ভোরে ঘাটে এসে চার ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে আম্বিয়া নামের এক নারীকে। তিনি বলেন, “চরের মানুষের জীবন নদীর ওপর নির্ভরশীল। তেলের অভাবে সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় আমরা এখন অসহায়।”
রেলবাজার খেয়া ঘাটের মাঝি আবু তালেব জানান, “তেল নাই, তাই নৌকা নামাতে পারছি না। লাইনে দাঁড়িয়েও তেল পাওয়া যাচ্ছে না। পরিবার নিয়ে এখন না খেয়ে থাকার উপক্রম হয়েছে।”
হাটপাড়া ঘাটের মাঝি মোমিন বলেন, “যাত্রী থাকলেও তেল না থাকায় নৌকা ছাড়তে পারছি না। এতে আয়-রোজগার পুরোপুরি বন্ধ হয়ে গেছে।”
নৌকা সংকটের কারণে যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। অনেককে জরুরি প্রয়োজনে দীর্ঘ পথ ঘুরে বাড়তি ভাড়া দিয়ে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য ব্যয়বহুল ও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
চরাঞ্চলের জনজীবন সচল রাখতে দ্রুত জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত রত্ন বলেন, “জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসন কাজ করছে। নৌকার ডিজেল সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোথাও কেউ কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”
ভিওডি বাংলা/মোঃ রমজান আলী/আ







