• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাংশায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পি.এম.
পাংশায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা। ছবি: ভিওডি বাংলা
পাংশায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা। ছবি: ভিওডি বাংলা

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ।
আলোচনা সভায় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. তৈয়বুর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ।

পাংশায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জাতীয় পুষ্টি সপ্তাহের এবারের প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী। পুষ্টি বৈষম্য দূর করতে হলে আমাদের সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে শিশু, গর্ভবতী মা ও কিশোর-কিশোরীদের সুষম খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সরকার পুষ্টি উন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে, তবে এর সুফল পেতে হলে সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পুষ্টি সম্পর্কে সঠিক ধারণা অর্জন করা প্রয়োজন। শিশুদের প্যাকেটজাত খাবার ও কোল্ড ড্রিংকস থেকে বিরত রেখে ঘরে তৈরি পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। তাহলেই আমরা একটি সুস্থ, সবল ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারবো।”

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. দেলোয়ার হোসেন এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ.দা.) ডা. মুহাম্মদ মুজাহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কুতুব আহমেদ।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এ ধরনের উদ্যোগ পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপজেলার তিনটি এতিমখানায় পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। র‍্যালি ও আলোচনা সভায় হাসপাতালের নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় এতিমখানার প্রধানগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এস কে পাল সমীর/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
কৃষক দল নেতা হত্যা, বাগেরহাটে বিএনপির বিক্ষোভ
ছবি: ভিওডি বাংলা
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, তোপের মুখে ছাত্রদল নেতাকর্মী
ফাইল ছবি
‘তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ