যশের ‘টক্সিক’ মুক্তি আবারও পিছাল

দক্ষিণী সুপারস্টার যশ-এর পরবর্তী সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস’ মুক্তির জন্য ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। আগামী ৪ জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে এর মুক্তি স্থগিত করা হয়েছে। মূলত বিশ্বব্যাপী বড় পরিসরে মুক্তির পরিকল্পনার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
সম্প্রতি সিনেমা প্রদর্শকদের বার্ষিক আয়োজন সিনেমাকন-এ ছবিটির বিশেষ উপস্থাপনা আন্তর্জাতিক পরিবেশনা সংস্থাগুলোর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশন ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনস জানিয়েছে, বিশ্ববাজারে ইতিবাচক প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক পরিবেশনা চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যেই মুক্তির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
এর আগে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ছবিটির মুক্তি ১৯ মার্চ থেকে পিছিয়ে ৪ জুন নির্ধারণ করা হয়েছিল। এবার দ্বিতীয় দফায় আবারও পিছিয়ে গেল মুক্তির তারিখ।
সিনেমাটির সহ-রচয়িতা ও প্রযোজক যশ বলেন, ‘কিছু সিনেমা শুধু নির্মাণের জন্য নয়, বরং কেন আমরা সিনেমাকে ভালোবাসি—তা মনে করিয়ে দেওয়ার জন্য তৈরি হয়। “টক্সিক” তেমনই একটি যাত্রা। সিনেমাকনে আমাদের উপস্থাপনার পর যে বৈশ্বিক প্রতিক্রিয়া পেয়েছি, তাতে আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে এই সিনেমাটি বিশ্বজুড়ে সর্বোচ্চ গুরুত্ব পাওয়ার দাবি রাখে।’
তিনি আরও বলেন, ‘ভারতীয় সিনেমা এখন বিশ্বমঞ্চে শক্ত অবস্থান তৈরি করছে। একজন অভিনেতা ও প্রযোজক হিসেবে আমি মনে করি, আমাদের দায়িত্ব রয়েছে সিনেমার মান আরও উন্নত করার। বিশ্বব্যাপী সঠিক প্রভাব তৈরি করতে আমরা কিছুটা সময় নিচ্ছি, যেন সঠিক সময়ে দর্শকদের কাছে পৌঁছানো যায়।’
গীতু মোহানদাস পরিচালিত এই সিনেমায় নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কোরেশি, রুক্মিণী বসন্ত এবং তারা সুতারিয়া অভিনয় করেছেন। সিনেমাটি কন্নড় ও ইংরেজি ভাষায় একযোগে নির্মিত হয়েছে এবং পরবর্তীতে বাংলাসহ বিভিন্ন ভাষায় ডাব করে মুক্তির পরিকল্পনা রয়েছে।
ভিওডি বাংলা/আ







