• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টমাস ডুলিই বাংলাদেশ ফুটবল দলের নতুন প্রধান কোচ

স্পোর্টস ডেস্ক    ২২ মে ২০২৬, ১২:০৫ পি.এম.
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাগআউট সামলানোর দায়িত্ব পেয়েছেন জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক টমাস ডুলি। বেশ কিছুদিন ধরে চলা নানামুখী গুঞ্জন ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

৬৫ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ আজ সকালেই ঢাকায় এসে পৌঁছেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রোববার থেকেই শুরু হতে যাওয়া বাংলাদেশ দলের আবাসিক ক্যাম্পে তিনি সরাসরি যোগ দেবেন।

টমাস ডুলির জন্ম জার্মানিতে হলেও আন্তর্জাতিক ফুটবলে তিনি প্রতিনিধিত্ব করেছেন যুক্তরাষ্ট্রের। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে যুক্তরাষ্ট্রের জার্সিতে ৭ বছরের ক্যারিয়ারে তিনি ৮১টি ম্যাচ খেলেছেন এবং করেছেন ৭টি গোল। স্বাগতিক দল হিসেবে ১৯৯৪ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে সবগুলো ম্যাচ খেলার কীর্তি রয়েছে তাঁর। এর চার বছর পর, ১৯৯৮ সালের বিশ্বকাপে তিনি যুক্তরাষ্ট্রের অধিনায়ক হিসেবে মাঠে নামেন।

ক্লাব ফুটবলেও ডুলির ক্যারিয়ার বেশ নজরকাড়া। তিনি জার্মানির শীর্ষ স্তরের ক্লাব বায়ার লেভারকুসেন ও শালকের হয়ে মাঠ মাতিয়েছেন। ১৯৯৭ সালে শালকের হয়ে উয়েফা কাপ (বর্তমান ইউরোপা লিগ) জয়ের স্বাদ পান তিনি। এ ছাড়া ১৯৯০-৯১ মৌসুমে এফসি কাইজারস্লাউটার্নের হয়ে বুন্দেসলিগার শিরোপাও উঁচিয়ে ধরেন।

শুধু খেলোয়াড় হিসেবেই নয়, ডাগআউটেও ডুলির অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রধান কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যানের সহকারী হিসেবে কাজ করেছেন। এরপর দীর্ঘ সময় ফিলিপাইন জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন।

কৌশলগত অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে ভিয়েতনামের ভি-লিগের ক্লাব ‘ভিয়েতেল’-এর স্পোর্টিং ডিরেক্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতাও। ২০২২ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য আবারও ফিলিপাইনের কোচে পদে ফিরেছিলেন তিনি। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার ঠিক আগে তিনি গায়ানা জাতীয় দলের প্রধান কোচ হিসেবে যুক্ত ছিলেন।

নতুন এই কোচের অধীনে বাংলাদেশ দলের প্রথম পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ৫ জুন। সান মারিনোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল দেশটিতে সফর করবে। আর এই ম্যাচ দিয়েই শুরু হবে হামজা-তপুদের ডুলি যুগের প্রথম অধ্যায়।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রামিসা ইস্যুতে বিচার দাবি ক্রিকেটারদের
রামিসা ইস্যুতে বিচার দাবি ক্রিকেটারদের
বাংলাদেশ দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা
রামিসা হত্যার বিচার চেয়ে ক্রিকেটারদের ভিডিও বার্তা
রামিসা হত্যার বিচার চেয়ে ক্রিকেটারদের ভিডিও বার্তা