জুলাই আন্দোলনে ত্যাগের প্রশ্নে কোনো আপস নয়: মামুনুল হক

জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের ত্যাগের প্রশ্নে কোনো আপস নয় বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে তা আন্দোলনের মাধ্যমেই আদায় করে নেওয়া হবে।
বুধবার (৩ জুন) সৌদি আরবের মক্কার মোবারক আল মাজেদ হোটেলের কনফারেন্স হলে মক্কা প্রাদেশিক খেলাফত মজলিস আয়োজিত হজ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, "জুলাই আন্দোলনের ১৪শ শহীদ এবং হাজার হাজার আহতদের রক্তের সাথে বেইমানি বরদাস্ত করা হবে না। জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে।"
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার সঠিক পথে পরিচালিত হচ্ছে না। সরকারকে সঠিক পথে ফিরিয়ে এনে দেশ পরিচালনায় সব ধর্ম ও বর্ণের মানুষের মানবিক মর্যাদা, সাম্য ও অধিকার নিশ্চিত করার যে আন্দোলন খেলাফত মজলিস শুরু করেছে, সেই ধারাকে এগিয়ে নিতে হবে।
রাষ্ট্র গঠনে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করে খেলাফত মজলিসের আমির বলেন, আগামী স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচনে দলটির পক্ষ থেকে প্রবাসীদের মনোনয়ন দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা রাষ্ট্র পরিচালনা ও গঠনের ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারবেন বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমেদ আজিজ ও দেলোয়ার হুসাইনের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাইদ নোমান, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ উল্লাহ, মাওলানা ইসমাইল, মাওলানা ওজিউল্লাহ, মুফতি এমরান হুসাইন, শায়েখ অলিউল্লাহ, মাওলানা আমিরুল্লাহ, জামাল সাত্তার, নুর মোহাম্মদ, নাসির উদ্দীন মনির এবং মাওলানা হেদায়েত উল্লাহ হাদি।
এ ছাড়া হেফাজতে ইসলামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সমাবেশে অংশ নেন।
ভিওডি বাংলা/এমএস







