ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দঘাটে মাদকবিরোধী অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফয়সাল শেখকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২৭ জুন) সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প এবং র্যাব-৬ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ফয়সাল শেখ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকার বাসিন্দা। তিনি গোয়ালন্দঘাট থানার একাধিক মাদক মামলার আসামি বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার সূত্রে জানা যায়, গত ২০ জুন দুপুরে গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ কয়েকজন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় ফয়সাল শেখের দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
পরে সাজা কার্যকরের প্রক্রিয়া চলাকালে ফয়সালের সহযোগীরা ঘটনাস্থলে জড়ো হয়ে সরকারি কর্মকর্তাদের অবরুদ্ধ করে ফেলে। একপর্যায়ে তারা অতর্কিত হামলা চালিয়ে ফয়সালকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেন। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়।
পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা অভিযুক্তদের গ্রেপ্তারে র্যাবের সহায়তা চান। এরপর থেকেই র্যাব আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার হওয়া ফয়সাল শেখকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য