• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ

বিনোদন প্রতিবেদক    ৯ জুলাই ২০২৬, ১২:৩১ এ.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণের ৮ নম্বর ফ্লোরে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন।

‎নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান সদ্য বিদায়ী সভাপতি মিশা সওদাগর। শপথ গ্রহণের মধ্য দিয়ে ২০২৬-২০২৮ মেয়াদের নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করে।

‎এর আগে গত শুক্রবার বিএফডিসি প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ভোটগ্রহণ শেষে শনিবার ভোরে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।

‎নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়। ফলাফলে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন শিবা সানু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমান পান ১৭৩ ভোট।

‎অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হন জয় চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পান ১৭৯ ভোট।

‎শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি শিবা সানু বলেন, শিল্পীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে তাদের আস্থা অর্জনই হবে তার সবচেয়ে বড় লক্ষ্য। শিল্পী সমিতিকে আরও কার্যকর ও ইতিবাচক একটি সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

‎সাধারণ সম্পাদক জয় চৌধুরী বলেন, নির্বাচনের পথচলা সহজ ছিল না। তবে শিল্পীদের ভালোবাসা ও সমর্থনেই তারা বিজয়ী হয়েছেন। নির্বাচনকে ঘিরে ইতিবাচক পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

‎নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কোবরা, যুগ্ম সাধারণ সম্পাদক ডি এ তায়েব, সাংগঠনিক সম্পাদক সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ চৌধুরী আবির, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ কামরুজ্জামান কমল।
‎এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব নিয়েছেন আলীরাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা এবং সুশান্ত।

‎শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করল।

ভিওডি বাংলা/শাহাদাত হাওলাদার/এমএস

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এআই অভিনেত্রী টিলি নরউড। ছবি: সংগৃহীত
বাস্তবে অস্তিত্বহীন হলিউডের নতুন নায়িকা
ছবি: সংগৃহীত
শোবিজ অঙ্গনে আর্জেন্টিনার জয়ে তুমুল উচ্ছ্বাস
ছবি: সংগৃহীত
'কারো পরাজয়ে উন্মাদের মত উল্লাস করতে হয় না'