• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিশু পার্কের জায়গা বরাদ্দ ও গাছ কাটার অভিযোগে স্থানীয়দের ক্ষোভ

পাবনা প্রতিনিধি    ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১০ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনার ফরিদপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের পাশে অবস্থিত পৌর শিশু পার্কের জায়গা একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে দোকান নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া এবং সেখানে দুটি গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে।

তবে এ ঘটনায় স্থানীয় দুজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠলেও অনুসন্ধানে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। জনমতের চাপে আপাতত জায়গা বরাদ্দ স্থগিত করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, চলতি বছরের জানুয়ারিতে উপজেলা পরিষদের প্রবেশমুখে ছোট পরিসরে শিশু পার্কটি নির্মাণ করা হয়। পার্কে কয়েকটি ছায়াদানকারী গাছ ও শিশুদের বসার জন্য তিনটি বেঞ্চ স্থাপন করা হয়। প্রবেশপথে জেলা প্রশাসকের উদ্বোধনী ফলকও রয়েছে। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন।

গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পার্কের এক পাশে থাকা দুটি গাছ রাতের আঁধারে কেটে ফেলা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরদিন সকালে সেখানে দোকানঘর নির্মাণের কাজ শুরু হলে স্থানীয়রা বাধা দেন এবং কাজ বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ একটি শিশু পার্কের জায়গায় দোকান বরাদ্দ দেওয়া অনুচিত। তারা বলেন, পৌর এলাকায় অন্য খাস জমি থাকা সত্ত্বেও পার্কের জায়গা বেছে নেওয়া ঠিক হয়নি।

পরে জানা যায়, বনওয়ারীনগর ইউনিয়নের গোপালনগর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ও তৃতীয় লিঙ্গের ব্যক্তি জহুরুল ইসলাম ওরফে বিজলী খাতুনকে উপজেলা প্রশাসন ওই জায়গা বরাদ্দ দেয়। তিনি সেখানে দোকান নির্মাণের উদ্যোগ নেন। তবে স্থানীয়দের বাধার মুখে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।

এদিকে, কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, দোকান নির্মাণের জন্য বিজলী খাতুনের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এমনকি বিজলী খাতুন নিজেও চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন।

উপজেলা যুবদলের সদস্য সচিব আমিন উদ্দিন সাবেরী বলেন, “শিশু পার্কের জায়গায় বরাদ্দ দেওয়ার প্রতিবাদ করেছি। চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, “অনিয়মের প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। পার্কের জায়গা বরাদ্দ বাতিল করতে হবে।”

বিজলী খাতুন বলেন, “উপজেলা প্রশাসন আমাকে জায়গা বরাদ্দ দিয়েছিল। সেখানে দুটি জরাজীর্ণ গাছ কেটে দোকান নির্মাণের কাজ শুরু করি। তবে কেউ আমার কাছে চাঁদা দাবি করেনি।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা জানান, উপজেলা সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে আপাতত তা স্থগিত রয়েছে। কাটা গাছ নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলেও তারা জানান।

ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/এম এস রহমান/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা উদ্বোধন
পঞ্চগড়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন, ক্ষোভ বাড়ছে চালকদের
ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন, ক্ষোভ বাড়ছে চালকদের
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
পঞ্চগড় মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন