• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে : দুলু

   ৮ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ পি.এম.

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নেওয়া স্বৈরাচার শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত। যত সময় যাচ্ছে তিনি সেখানে বসে তত ষড়যন্ত্রের ডাল-পালার বিস্তার ঘটাচ্ছেন। এসব শক্ত জবাব দিতে দেশে নির্বাচিত সরকার প্রয়োজন। এজন্য ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে নাটোর সদরের দত্তপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে নির্বাচিত সরকার না থাকায় পৃথিবীর যারা এখানে বিনিয়োগ করে তারা সাহস পাচ্ছে না। বাইরের বিনিয়োগ কমে যাচ্ছে। তাই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে দেশের সার্বিক পরিস্থিতি যেমন ভালো হবে, তেমনি বাইরের বিনিয়োগ বাড়বে। কর্মসংস্থান বাড়বে, দেশের উন্নয়ন হবে।

দুলু বলেন, দেশের সকল সংকট মোকাবিলায় নেতৃত্ব দেয় জিয়া পরিবার। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে। আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছি।

তিনি বলেন, ৭ নভেম্বর স্বাধীনতা সার্বভোমত্ব রক্ষার জন্য সিপাহী জনতা জিয়াউর রহমানকে জেলখানা থেকে উদ্ধার করে নিয়ে আসলে তিনি বাংলাদেশকে রক্ষা করেছিলেন। ৯০ সালে স্বৈরাচার এরশাদের হাত থেকেও জাতিকে মুক্তি দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২০২৪ সালে পতিত স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে ছাত্র-জনতা যে আন্দোলন করেছেন দূর থেকে হলেও এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব ও পরামর্শ দিয়ে তারেক রহমান জাতিকে মুক্ত করেছেন। আগামী দিনেও দেশের মানুষকে তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেবেন।

বিএনপি নেতা মনতাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল