মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর প্রচার, উপস্থাপিকাসহ পুরো টিম চাকরিচ্যুত!

মেসির বাবার মৃত্যু নিয়ে ভুয়া খবর প্রচার করায় বড় ধরনের শাস্তির মুখে পড়েছে আর্জেন্টিনার জনপ্রিয় স্ট্রিমিং চ্যানেল লুজু টিভির পুরো টিম। লাইভ অনুষ্ঠানে উপস্থাপিকা ফ্লোরেন্সিয়া পেনা দাবি করেন, লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন এবং মেসি বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে দেশে ফিরবেন। তবে খবরটি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হলে তীব্র সমালোচনার মুখে পড়ে চ্যানেলটি।
ঘটনার পর লুজু টিভি উপস্থাপিকাসহ পুরো টিমকে চাকরিচ্যুত করার ঘোষণা দেয়। এদিকে মেসির পরিবার এক বিবৃতিতে জানায়, হোর্হে মেসি মারা যাননি। তিনি বর্তমানে স্বাস্থ্যগত সমস্যার কারণে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
পরিবার ভুয়া খবর প্রচারের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে জানায়, সংবেদনশীলতা ও নৈতিকতার অভাব থেকেই এমন দায়িত্বজ্ঞানহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। মেসির পরিবার সবার প্রতি আহ্বান জানিয়েছে, যাচাই না করা তথ্য বিশ্বাস না করতে এবং তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানাতে।
ভিওডি বাংলা/নাদিয়া ইসলাম সোমা/আ







