সেনুয়ায় ঝুঁকিপূর্ণ বাঁকে সতর্কীকরণ সাইনপোস্ট পুনঃস্থাপন

ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের একটি ঝুঁকিপূর্ণ সড়ক বাঁকে পুনরায় সতর্কীকরণ সাইনপোস্ট স্থাপন করেছে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি)। স্থানীয় জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নেওয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
জানা গেছে, ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক সড়কের সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বাঁকের সতর্কীকরণ সাইনপোস্ট সম্প্রতি ঝড়ো আবহাওয়ার কারণে উপড়ে পড়ে যায়। দীর্ঘ সময় ধরে সাইনপোস্টটি রাস্তার পাশে পড়ে থাকায় যানবাহন চালকদের জন্য বাঁকটি আগেভাগে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সময় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছিল।
স্থানীয়দের ভাষ্য, ওই সড়ক দিয়ে প্রতিদিন যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। বাঁকটির আগে কোনো কার্যকর সতর্ক সংকেত না থাকায় চালকদের অনেক সময় হঠাৎ ব্রেক করতে হতো, যা দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছিল। বিষয়টি স্থানীয়ভাবে উদ্বেগের কারণ হয়ে ওঠে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। পরে ২২ নম্বর সেনুয়া ইউনিয়ন ভিডিপির দলনেতা রতন চন্দ্র বর্মনের নেতৃত্বে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় কাজ শুরু করেন।
ভিডিপি সদস্যরা প্রথমে উপড়ে পড়া সাইনপোস্টটি উদ্ধার করেন। এরপর সেটিকে পূর্বনির্ধারিত স্থানে পুনরায় স্থাপন করে শক্ত ভিত্তির মাধ্যমে স্থায়ীভাবে সংযুক্ত করা হয়। কংক্রিটের বেইজ ব্যবহার করে খুঁটিটি এমনভাবে স্থাপন করা হয়েছে, যাতে ভবিষ্যতে প্রতিকূল আবহাওয়ার প্রভাবেও এটি সহজে ক্ষতিগ্রস্ত না হয়।
সাইনপোস্ট পুনঃস্থাপনের ফলে এখন দূর থেকেই বাঁকটির সতর্ক সংকেত দেখা যাচ্ছে। এতে চালকরা আগে থেকেই গতি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং নিরাপদভাবে বাঁক অতিক্রম করতে সুবিধা হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এলাকাবাসী বলেন, ছোট একটি উদ্যোগ হলেও এটি জননিরাপত্তার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে এমন কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে গ্রামীণ সড়কে ঝুঁকি অনেকাংশে কমে আসবে।
স্থানীয়রা আরও জানান, অবকাঠামোগত ছোটখাটো সমস্যাগুলো দ্রুত সমাধানে ভিডিপির সক্রিয় অংশগ্রহণ প্রশংসার দাবিদার। জনস্বার্থে তাদের এই দায়িত্বশীল ভূমিকা অন্যদেরও উদ্বুদ্ধ করবে বলে তারা আশা প্রকাশ করেন।
ভিওডি বাংলা/জা







